প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৭:৪২ (বৃহস্পতিবার)
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ৬ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে ৫৮ বিজিবির অধীনস্ত খোশালপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/৭৭ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের ছলেমানপুর গ্রামের ইটভাটার পাশে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটকদের মধ্যে- পাঁচ পুরুষ ও এক নারী রয়েছেন। তারা ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ ফরিদপুর ও পঞ্চগড় জেলার বাসিন্দা। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, একই সময়ে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্তে মেইন পিলার ৭০/৫ এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের মাধবখালী গ্রামের একটি আম বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।