মৌলভীবাজারের রাজনগর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি দীপ রবিদাসকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার(১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল কুলাউড়া থানাধীন ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজারে নূপুর চৌধুরীর পান দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি দীপ রবিদাস প্রকাশ দ্বীপ (৬৫)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন রাজনগর চা বাগান (দক্ষিণ সোনাতলা) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মাধব রবিদাস।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, রাজনগর থানার মামলা নং-১৪, তারিখ ২২ মার্চ ২০১৩, জিআর-৫৩/১৩ এবং দায়রা মামলা নং-৫০৭/২০১৪-এর হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন দীপ রবিদাস। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে জীবনযাপন করে আসছিলেন।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবশেষে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৯-এর আভিযানিক দল।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.