সিলেটে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। সম্মেলন সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর শিবগঞ্জে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল—এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে খতমে নবুওয়তের শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য ও সচেতনতা জোরদার করাই এ মহাসম্মেলনের অন্যতম লক্ষ্য।
সাংবাদিকদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক এ মহাসম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা কামনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সর্বস্তরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের মুসলমানদের মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, মহাসম্মেলন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
এত বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী, সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা এরশাদ খান আল হাবিব ও মাওলানা নোমান সালেহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরিশেষে নেতৃবৃন্দ আগামী ১৪ ও ১৫ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সাংবাদিক, প্রশাসন, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.