সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম-রুবেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম-রুবেলায় মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২০৪ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ছিলেন। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম সংক্রমণে।
জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ জেলায় মারা গেছেন ৮৭ জন। তাঁদের মধ্যে ৮৩ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হাম রোগী ছিলেন। সুনামগঞ্জে মারা গেছেন ৭৬ জন। তাঁদের মধ্যে ৭৫ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হাম রোগী। এ ছাড়া হবিগঞ্জে ৩৪ জন (সন্দেহজনক ৩০ ও নিশ্চিত চারজন) এবং মৌলভীবাজারে ১৭ জন (সন্দেহজনক ১৬ ও নিশ্চিত একজন) মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে, বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৭ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
বাকি রোগীরা বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.