মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীসহ জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙলবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা জানায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে চেকআউট করে অটোরিকশযোগে রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় ১ নম্বর আসামি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি দল বেআইনিভাবে তাদের গতিরোধ করে।
এজহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা "তোমরা কেন ২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনাকে তাড়ালে, আমরা আজকে তোদের খুন করে মরদেহ গুম করে কর্মসূচি শুরু করতে চাই" বলে স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি হাবিবুর রহমান তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ বসালে তিনি বাম হাত দিয়ে তা প্রতিহত করেন, ফলে তাঁর বাম হাতের কব্জির নিচে গুরুতর ও রক্তাক্ত জখম হয়। এছাড়া অজ্ঞাত আসামিরা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের জখম করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা প্রাণে রক্ষা পান এবং পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর হামলাকারী হাবিবুর রহমান নিজের ফেসবুক প্রোফাইলে হামলার ভিডিও আপলোড করলেও পরে তা মুছে ফেলেন। তবে অন্য এক ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাকে ট্যাগ করে বাহবা জানায়। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, হামলাকারী হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক।
এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.