জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেটে বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেটের আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের অধীন বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণসহ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সেগুলো হলো—নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ লালাবাজার ফিডারের আওতাধীন সংশ্লিষ্ট এলাকাগুলো।
এদিকে, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট লাইনকে চালু আছে বলে গণ্য করার জন্য গ্রাহকদের সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত ও উন্নয়নকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেট। একই সঙ্গে উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
আইটি ল্যাব সলিউশন্স লি.