প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৬:৪২ (মঙ্গলবার)
বিয়ানীবাজার-সিলেট ছাত্রলীগের সড়ক অবরোধের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে সিলেটের বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন পোস্টে ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধের বিষয়টি উল্লেখ করা হয়। এসব পোস্টে ছাত্রলীগ কর্মী আবু হানিফের নাম উল্লেখ করে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ‘গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না’—এমন স্লোগানও প্রচার করা হয়।

এদিকে, সড়ক অবরোধের ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

বিষয়টি নিশ্চিত করে তিনি জৈন্তা বার্তাকে বলেন, “ফেসবুকে এ রকম একটি ভিডিও দেখেছি। তবে বিয়ানীবাজার-সিলেট সড়কের ঠিক কোন স্থানে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি—এটি কখন, কোথায় এবং কারা করেছে। নিশ্চিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ভিডিওটির স্থান, সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।