প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪০ (মঙ্গলবার)
সুনামগঞ্জে রণজিৎ সরকারের সমাবেশে দেখা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

 

 

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ভিডিওতে তারা মিয়াকে দেখা যায়। এরপর ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্তের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

পুলিশ জানায়, তারা মিয়া রণজিৎ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা-কর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।

রণজিৎ সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে তারা মিয়ার আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো তথ্যের বাইরে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।