প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১০:২৬ (মঙ্গলবার)
হবিগঞ্জে আ.লীগের মিছিল, টায়ারে আগুন, গ্রেফতার ৯

হবিগঞ্জের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।

স্থানীয়দের ভাষ্য, সোমবার (৯ নভেম্বর) ভোরে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে চলে যান কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ মিছিল করে বিএনপি।

পরে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

একই দিন হবিগঞ্জ জেলা সদরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। 
অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয় নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩০), অ্যাডভোকেট আবুল কালাম (৫০), রফিক মিয়া (৪৫), সোহেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (৪৭), ছন্দু মিয়া (৫৬), আব্দুল মান্নান (৬২), মো. এনাম মিয়া (৪৮) ও নাজমুল ইসলাম বকুল (৫০)।

তাদের মধ্যে জাকির হোসেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ নিয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন তিনি। নাজমুল ইসলাম বকুল চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক। গ্রেপ্তার অন্য সাতজন হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতা। তাদের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, নয়জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।