সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দৈনিক জৈন্তা বার্তার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
.jpg)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার যেন শেষ নেই। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে দিনের অধিকাংশ সময় তাঁদের কর্মব্যস্ততার মধ্যে কাটে। অনেক সময় নিজেদের কিংবা পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সময় বের করাও কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই হবে না, কাজের বাইরেও নিজেদের সময় দিতে হবে। পরিবার-পরিজনকে সময় দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এতে শরীর ও মন ভালো থাকবে, কর্মক্ষেত্রের একঘেয়েমি দূর হবে এবং নতুন উদ্যমে পেশাগত দায়িত্ব পালনের আগ্রহ তৈরি হবে। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সিলেট জেলা প্রেসক্লাবের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সিসিক প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা প্রতিনিয়ত মানুষের কথা তুলে ধরেন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের সুযোগ তৈরি করাও জরুরি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
.jpg)
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব নবীন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহসাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাতে হয়। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য দেবাশীষ দেবু, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দিন আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম। পবিত্র গীতা পাঠ করেন ক্লাবের সহসভাপতি সজল ঘোষ।
এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.