প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৫ (সোমবার)
সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৫১ গ্রেফতার

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ১৫৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশের হাতে ১৫৭টি ভারতীয় কম্বল উদ্ধার হয়।

অন্যদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৪৮টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।