প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৬ (রবিবার)
হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক আটক 

হবিগঞ্জের মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শনিবার  (৭ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল কৃষ্ণপুর গ্রামের পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে দুটি বস্তা তল্লাশি করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত উজ্জ্বল মিয়া কৃষ্ণপুর গ্রামের মহধর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন বলে জানা গেছে।