সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ছিনতাইকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ বিভিন্ন অপরাধে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে পুলিশ ৭৭ পিস ইয়াবা এবং ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৪১টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আইটি ল্যাব সলিউশন্স লি.