ছবি সংগৃহীত :
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭।
শনিবার (৭ নভেম্বর) এ হামলার পর পুলিশ গুলি চালিয়ে হামলাকারীকে আটক করে। তাঁর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ২৪ বছর বয়সী পোলিশ নাগরিক। তার হামলায় নিহতদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। নিহতদের একজন যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া আহত পাঁচ বিদেশি নাগরিক অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের বাসিন্দা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়ারভিনস্কি জানিয়েছেন, হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারী সামরিক পোশাক পরে এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিলেন। তার গাড়ি থেকেও বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, হামলাকারীর বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তার পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আরও অস্ত্র থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তাকে আটক করা সম্ভব হয়। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
এ ঘটনায় ৮ ও ৯ নভেম্বর জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোকি। হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.