প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:০৯ (রবিবার)
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক বছরের শিশু যাত্রী গিরিরাজ পাল ও সাইদুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিরিরাজ পাল বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের ছেলে। অন্যদিকে নিহত সাইদুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুসহ তার বাবা-মা এবং অটোরিকশার আরেক যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর এ তথ্য  নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই দুর্ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।