সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে কামাল মিয়া (৫৫) নামের মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মড়লপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের কাছে তিনি ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কামাল মিয়া উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চলতি বছরে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, কামাল মিয়ার বিরুদ্ধে ধর্মপাশাসহ আশপাশের বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আরও নয়টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আইটি ল্যাব সলিউশন্স লি.