প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৮ (শনিবার)
জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: বাণিজ্যমন্ত্রী

স্বাধীনতার পর বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর নেতৃত্বে খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিল্পে বিনিয়োগ সম্প্রসারণ এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়েই সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। পাশাপাশি তিনি দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেন এবং বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতা রাখে—এমন আত্মবিশ্বাস সৃষ্টি করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বহু বছর পর এবার ৭ নভেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। আগামী দিনে জিয়াউর রহমানের রেখে যাওয়া কাজ অনুসরণ করে দেশে শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে চায় সরকার। একই সঙ্গে অর্থনীতিতে গতি সঞ্চার, পর্যাপ্ত বিনিয়োগ আকৃষ্ট এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকার কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

র‍্যালিটি নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।