ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় স্থানীয় বিরোধের জেরে গেদা মিয়া (৬০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেতলি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গেদা মিয়া তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি এলাকায় সালিশি ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মসজিদ ও স্কুল পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে গেদা মিয়া ও তার পক্ষের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন ও ইলিয়াসের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের কয়েকজন গেদা মিয়া ও তার প্রতিবেশী বাবুল মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় গেদা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, মামলা দায়েরের আগেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.