ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা। আপিলের পর নাহুয়েল মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তার জরিমানার পরিমাণ ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয় উদ্যাপনের সময় মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার ঘটনায় শাস্তি পেয়েছিলেন মলিনা।
অন্যদিকে, বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আসেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের মধ্যে এরিক গার্সিকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এসব ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।
এদিকে, বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে পারেদেসের নিষেধাজ্ঞা ও বৈষম্যমূলক স্লোগানের জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানার পর আপিল করবে সংস্থাটি। এএফএর দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।
এর আগে একই ঘটনায় ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালাও। আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করে ফিফা। আগের আন্তর্জাতিক বিরতিতেই তাদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
এদিকে, চলতি মাসের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
আইটি ল্যাব সলিউশন্স লি.