ছবি সংগৃহীত :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের চেয়ারম্যান এবং মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের রেক্টর সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া (অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বাংলাদেশ বিমান বাহিনী) এবং সিলেট কমার্স কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে গত এক যুগের শিক্ষা কার্যক্রম, অগ্রযাত্রা ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট স্বপ্ন ও লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ইতোমধ্যে শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে তিনি শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই নয়, মেধা, মনন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও কলেজের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেক কাটা ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
এক যুগের গৌরবময় পথচলা অতিক্রম করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আগামী দিনগুলোতে মানসম্মত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। নতুন সম্ভাবনা ও প্রত্যাশাকে সামনে রেখে শিক্ষার অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.