প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১৯:৫৮ (বৃহস্পতিবার)
সিলেটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শুক্কুর আলী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেল ৩টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

শুক্কুর আলী সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন, ‘পুলিশ আসামি ধরতে টালবাহানা করেছে। আজ মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে আশা করছি।’

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর বর্বরোচিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে অপহরণেরও চেষ্টা করা হয়।

আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন হামলার শিকার সাংবাদিক কবির আহমদ। তিনি কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

কবির আহমদ বলেন, ‘অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

এদিকে মামলার প্রধান আসামি কারাগারে যাওয়ায় ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।