ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, গত ২৬ এপ্রিল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের সাকোয়া পাড়া গ্রামের মদিনাতুল উলুম মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ওই মাদরাসার শিক্ষক সাইদুর রহমান মুন্সী। এ ঘটনা জানাজানি হলে ৩ মে ওই ছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার সাইদুর রহমান মুন্সীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায়ে অভিযুক্ত সাইদুর রহমান মুন্সীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.