প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৫ (বৃহস্পতিবার)
চ্যাম্পিয়ন্স লিগে ৯ গোল করে ইতিহাস গড়ল কোমো

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো গোল উৎসব করেছে কোমো। ফ্রান্সের মাটিতে স্বাগতিক লঁসকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে ইতালিয়ান ক্লাবটি।


এই জয়ে প্রতিযোগিতার ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে প্রথমবারের মতো ৯ গোল করার কীর্তি গড়েছে তারা। পাশাপাশি এক ম্যাচে জয়ের ব্যবধানে ছুঁয়েছে সর্বোচ্চ আট গোলের রেকর্ড।

বুধবার লঁসের মাঠে কোমোর এমন দাপুটে জয়ের নায়ক নিকো পাজ। স্প্যানিশ গ্রেট সেস ফাব্রেগাসের অধীনে খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে ইতালিয়ান দলটি।

শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগে সর্বোচ্চ ৮ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদের।

২০০৭ সালের ৬ নভেম্বর বেসিকতাসকে ৮-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছিল লিভারপুল। পরে ২০১৫ সালের ৮ ডিসেম্বর সুইডিশ ক্লাব মালমোকে একই ব্যবধানে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসায় রিয়াল।
এবার সেই রেকর্ডে ভাগ বসাল কোমো। তবে অ্যাওয়ে ম্যাচে ৯ গোল করার কীর্তি এককভাবে নিজেদের করে নিয়েছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে ৯ গোল করা দ্বিতীয় দলও এখন কোমো। এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে অ্যাওয়ে ম্যাচে নয় গোল করার কৃতিত্ব ছিল না কারও।

লঁসের বিপক্ষে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের ম্যাচগুলোর তালিকাতেও জায়গা করে নিয়েছে। দুই দল মিলে করেছে ১০ গোল। প্রতিযোগিতার ইতিহাসে এর আগে মাত্র চারটি ম্যাচে ১০ বা তার বেশি গোল হয়েছিল।

২০১৬ সালের নভেম্বরে লেগিয়া ওয়ারশকে ৮-৪ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ১২ গোলের সেই ম্যাচটিই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচ। এ ছাড়া ২০২০ সালের ১৪ আগস্ট বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে আলোড়ন তুলেছিল বায়ার্ন মিউনিখ।

এই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে কোমোর পয়েন্ট দাঁড়িয়েছে ৯। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আর্সেনাল।