ছবি: সংগৃহীত
মানুষের জীবনে সচ্ছলতা, প্রশান্তি ও কল্যাণের অন্যতম চাবিকাঠি হলো আল্লাহর কাছে দোয়া করা। শুধু বেশি সম্পদ অর্জন নয়, বরং গুনাহ থেকে মুক্তি, সুন্দর আবাসস্থল এবং উপার্জনে বরকত লাভ করাও মুমিনের গুরুত্বপূর্ণ চাওয়া।
রাসুলুল্লাহ (সা.) এমন একটি সংক্ষিপ্ত অথচ অর্থবহ দোয়া পড়তেন, যাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রার্থনা রয়েছে।
দোয়াটি হলো:
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি যাম্বি, ওয়া ওয়াসসি‘ লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিজকি।
অর্থ: হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দান করুন।
যে হাদিসে বর্ণিত হয়েছে দোয়াটি
আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি একদিন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে অজুর পানি নিয়ে এলেন।
নবীজি (সা.) অজু করার পর একটি দোয়া পড়লেন। আবু মুসা আশআরি (রা.) দোয়াটি শুনে বললেন, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে এই এই দোয়া করতে শুনেছি।
তখন নবীজি (সা.) বললেন, ‘এই দোয়ার মাধ্যমে কি কোনো কল্যাণের বিষয় বাদ পড়েছে?’
দোয়াটি মুসান্নাফে ইবনে আবি শাইবায় বর্ণিত হয়েছে।
দোয়াটির অর্থ ও তাৎপর্য
ছোট্ট এই দোয়ায় মানুষের পার্থিব জীবন ও পরকালীন কল্যাণের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় উঠে এসেছে। এর প্রতিটি অংশের রয়েছে গভীর তাৎপর্য।
১. গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা
দোয়ার শুরুতেই আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমার আবেদন জানানো হয়েছে। মানুষের জীবনে ভুল ও পাপ থাকতেই পারে। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবার মাধ্যমে নিজেকে সংশোধন করা মুমিনের অন্যতম দায়িত্ব।
গুনাহ মানুষের আত্মিক প্রশান্তি ও নৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই দুনিয়ার স্বচ্ছলতা ও জীবনের কল্যাণ কামনার পাশাপাশি নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা জরুরি। আল্লাহর রহমত ও ক্ষমা লাভই মুমিনের সবচেয়ে বড় প্রত্যাশা।
২. ঘরের প্রশস্ততা ও প্রশান্তি কামনা
দোয়ার দ্বিতীয় অংশে নিজের ঘর প্রশস্ত করে দেওয়ার প্রার্থনা রয়েছে। ঘর মানুষের নিরাপত্তা, বিশ্রাম ও পারিবারিক প্রশান্তির জায়গা। একটি স্বাচ্ছন্দ্যময় আবাসস্থল মানুষের জীবনকে সহজ করে।
এ প্রার্থনার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সুন্দর ও প্রশস্ত বাসস্থান কামনা করে। পাশাপাশি পরকালীন জীবনে কবরের প্রশস্ততা এবং জান্নাত লাভের প্রত্যাশাও একজন মুমিনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা।
৩. রিজিকে বরকত লাভের প্রার্থনা
দোয়ার শেষ অংশে নিজের রিজিকে বরকত কামনা করা হয়েছে। রিজিক বলতে শুধু অর্থ-সম্পদ বোঝায় না; বরং খাদ্য, সুস্থতা, পরিবার, কর্মসংস্থান ও জীবনের প্রয়োজনীয় সব নিয়ামত এর অন্তর্ভুক্ত।
রিজিকে বরকত মানে শুধু উপার্জন বেড়ে যাওয়া নয়। বরং উপার্জন হালাল হওয়া, অল্প সম্পদেও প্রয়োজন পূরণ হওয়া, অভাব থেকে মুক্তি এবং জীবনে তৃপ্তি ও কল্যাণ লাভ করাও বরকতের অংশ।
অনেক সম্পদ থাকা সত্ত্বেও মানুষের মনে শান্তি নাও থাকতে পারে। আবার অল্প সম্পদেও আল্লাহর রহমতে কেউ পরিতৃপ্ত জীবনযাপন করতে পারেন। তাই বেশি সম্পদের পাশাপাশি সম্পদে বরকত চাওয়াও গুরুত্বপূর্ণ।
কখন ও কীভাবে পড়বেন?
মুমিন ব্যক্তি যেকোনো সময় আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন। দোয়ার অর্থ বুঝে আন্তরিকতার সঙ্গে পড়া এবং পাশাপাশি হালাল উপার্জন, ইবাদত ও সৎকর্মের প্রতি যত্নবান হওয়া উচিত।
আল্লাহর কাছে শুধু সম্পদ নয়, গুনাহের ক্ষমা, সুন্দর আবাসস্থল এবং জীবনের প্রতিটি নিয়ামতে বরকত কামনা করাই এই দোয়ার মূল শিক্ষা।
আইটি ল্যাব সলিউশন্স লি.