ছবি: সংগৃহীত
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক।
বিসিবির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।
সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে সিরিজটি। বিষয়টি নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও।
তিনি বলেন, আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।
তবে সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সরকারের সম্মতিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আগেও দুইবার পিছিয়েছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা ইতিবাচকভাবে এগোলেও শেষ পর্যন্ত সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে সফরটি।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই।
এর আগে গত বছরের আগস্টে এবং চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হয়েছিল। দুই দফায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজ মাঠে গড়ায়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট জটিলতায় সফরটি পিছিয়ে যায়।
এবার অবশ্য নতুন করে আশার আলো দেখছে বিসিবি। সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে। এখন সরকারের সম্মতি মিললে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল।
আইটি ল্যাব সলিউশন্স লি.