প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৫:৫৪ (বুধবার)
হবিগঞ্জে শিশুদের সঙ্গে আনন্দঘন পাঠদানে শিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি। এ সময় শিক্ষার্থীরাও আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার(৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ দৃশ্যের অবতারণা হয়। প্রতিমন্ত্রী বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কেও জানার চেষ্টা করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের বাগান ঘুরে দেখে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ববি হাজ্জাজ। সেখানে তিনি শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।