প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬ (বুধবার)
মৌলভীবাজারে সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ জন আটক 

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। 

সোমবার (২ নভেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর গণমাধ্যম শাখা আটকের এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫)। অন্য ছয়জন হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯ জানায়, গত সোমবার সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট, ভিসা ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই আটজন। অভিযানের সময় তাঁরা ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে আটজনকেই আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।