সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করে ‘সোলার জিনসিন’ ও ‘ফাইটার’ নামের সিরাপ তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব অনিয়মের তথ্য উঠে আসে।
অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু।
প্রশাসন সূত্রে জানা যায়, লালদিঘীরপাড় এলাকার জামাল অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করে বিপুল পরিমাণ সিরাপ উৎপাদন, বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে ঘনচিনি ও অনুমোদনহীন টেক্সটাইল কালার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যও মজুত ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সনদপত্র দেখাতে পারেনি।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান থেকে ১০ বস্তা মালামাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।
আইটি ল্যাব সলিউশন্স লি.