প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৪:৩৪ (মঙ্গলবার)
বালুর ভেতর পুঁতে রাখা নবজাতক উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে মৃত ইয়াসিন হাজির বাগানে বালুর ভেতর পুঁতে রাখা লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে মো. হামিদুল ইসলাম (৫) ও  মো. নাফিউল (৩) খেলাধুলা করার সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। এসময় সকালে হাঁটতে বের হওয়া মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকার বিষয়টি জানতে পারেন।

এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে দেখতে পান। পরে রাস্তার পাশের বাড়ির বাসিন্দা মো. গোলাপ হোসেনকে খবর দেন।
পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

গোলাপ জানান, নবজাতক কন্যাটিকে উদ্ধারের পর তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসক শিশুটিকে পরীক্ষার করার পর জানিয়েছেন শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
তিনি আরও জানান, শিশুটির বর্তমানে তার হেফাজতে রয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।

এদিকে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী থেকে একটি শিশু উদ্ধারের খবর তিনি জেনেছেন। এ ব্যাপারে তিনি খোঁজখবর করছেন।