প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ (বুধবার)
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

সোমবার (২ নভেম্বর) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে ম্যাক্সওয়েলের অবসরের খবর প্রকাশ করা হয়।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৬টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এর মধ্যে রয়েছে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-টোয়েন্টি। তিন সংস্করণে ব্যাট হাতে করেছেন ৭ হাজার ২২৬ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩৬টি উইকেট।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের শুরুটা হয়েছিল ২০১২ সালের ২৫ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। একই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। পরের বছর মার্চে ভারতের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট।

সময়ের সঙ্গে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটার। বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটিং, দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং কার্যকর অফ স্পিনের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি।

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারে রয়েছে তিনটি বিশ্বকাপ শিরোপা। ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন এই অলরাউন্ডার।

তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।

সেই পরিস্থিতিতে একাই ম্যাচের চিত্র পাল্টে দেন ম্যাক্সওয়েল। পেশির তীব্র টান ও শারীরিক যন্ত্রণার মধ্যেও ব্যাটিং চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত মাত্র ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০১ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে অধিনায়ক প্যাট কামিন্স ১২ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন।

অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ২০২ রানের জুটিতে ১৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারদের মধ্যে সেটিই ছিল প্রথম ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত ইনিংস হিসেবেও বিবেচিত হয় এটি।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের বিদায়ের ইঙ্গিত মিলেছিল আগেই। ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ।

এরপর ২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিপক্ষে মে-জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। নির্বাচকদের নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনায় বাদ পড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডারসহ স্টিভ স্মিথ ও মার্কাস স্টয়নিস।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ম্যাক্সওয়েল। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের সঙ্গে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিও রয়েছে এই অস্ট্রেলীয় তারকার।