সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসব ষড়যন্ত্রের সঙ্গে দেশের ভেতরের একটি রাজনৈতিক শক্তিও সক্রিয়ভাবে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরের তোপখানায় বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকা’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, এসব ঘটনার পেছনে তাদের ইন্ধন রয়েছে কি না, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
তিনি বলেন, কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের পেছনে অন্য কোনো দেশ বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আবদুল মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী।
সভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.