দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এ কাজে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকা’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না—এমনটা জনগণ মনে করবে না।
তিনি আরও বলেন, কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।
এর আগে সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির এই নেতা।
দিনব্যাপী সিলেট সফর শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আইটি ল্যাব সলিউশন্স লি.