সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫), মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নিহত লতিফ ও তার পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আব্দুল লতিফ আবুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.