সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক নারী। এ ঘটনায় নবজাতকসহ পরিবারের চার সদস্য এবং অ্যাম্বুলেন্স চালক আহত হয়েছেন। নবজাতকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী রাজু মিয়ার স্ত্রী।
আহতরা হলেন- নিহতের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শ্বশুর আনহার মিয়া, ননদ ইমা বেগম এবং অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন হালিমা বেগম। রোববার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।
পরে একটি অ্যাম্বুলেন্সে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন তারা। পথিমধ্যে রাত ৮টার দিকে কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা হালিমা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও সেখানে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সন্তান জন্মের মাত্র তিন দিনের মাথায় মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের স্নেহ-ভালোবাসা পাওয়ার আগেই নবজাতককে পড়তে হলো কঠিন বাস্তবতার মুখে।
আইটি ল্যাব সলিউশন্স লি.