প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৬:৩৩ (রবিবার)
সুনামগঞ্জে কৃষক দলের ২ নেতা আটক

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন ওই দুই ব্যক্তি। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাদের আচরণে বাজারের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের বিশৃঙ্খল আচরণ করেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।