সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া ও উৎমা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকলেট ও সুপারিসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.