প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১২:০৫ (রবিবার)
সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ

ছবি: সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ।

আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।

কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।

৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি।

বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন।

বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।