প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৮:৪৫ (শুক্রবার)
হবিগঞ্জে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪

হবিগঞ্জের মাধবপুরে প্রায় সাড়ে তিন বছর ধরে নিখোঁজ থাকা মহব্বত আলীর (৩৯) কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে  তার কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—রামনগর গ্রামের শাহ আলম (৪২), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ির সেপটিক ট্যাংকে অভিযান চালিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহব্বত আলী মাধবপুর উপজেলার রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এ কারণে এলাকায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন।

২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তার ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন। তবে দীর্ঘদিনেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্‌ঘাটন হয়নি।

অবশেষে দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।

দীর্ঘ সাড়ে তিন বছর পর নিখোঁজ মহব্বত আলীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।