প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৫:০৯ (শুক্রবার)
ব্লাড গ্রুপ ডায়েট আসলে কী?

ছবি সংগৃহীত :

প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ আলাদা হতে পারে। এ, বি, এবি ও ও-এই চার ধরনের রক্তের গ্রুপের ভিত্তিতে খাবার বাছাইয়ের একটি প্রচলিত ধারণা রয়েছে।

 

একে বলা হয় ‘ব্লাড গ্রুপ ডায়েট’। এ ধারণা অনুযায়ী, রক্তের গ্রুপের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার খেলে শরীর সুস্থ থাকে এবং পুষ্টির কার্যকারিতা বাড়ে বলে দাবি করা হয়।

প্রচলিত ব্লাড গ্রুপ ডায়েটের ধারণায় কোন গ্রুপের জন্য কী ধরনের খাবারের কথা বলা হয়, তা জেনে নেওয়া যাক।

এ গ্রুপ

প্রচলিত ধারণা অনুযায়ী, এ গ্রুপের ব্যক্তিদের খাদ্যতালিকায় উদ্ভিজ্জ প্রোটিন, পূর্ণ শস্য, তাজা ফল ও শাকসবজি রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রাণিজ প্রোটিনের পরিবর্তে ডাল, বাদাম ও অন্যান্য উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন গ্রহণের কথা বলা হয়।
বি গ্রুপ

বি গ্রুপের জন্য দুধ ও দুগ্ধজাত খাবার, শাকসবজি, ডিম, কলিজা ও ছানা খাওয়ার পরামর্শ দেওয়া হয় প্রচলিত এই খাদ্যতালিকায়।

অন্যদিকে, ডাল, টমেটো ও কিছু পূর্ণ শস্য এড়িয়ে চলার কথা বলা হয়।
এবি গ্রুপ

এবি গ্রুপের ব্যক্তিদের জন্য এ ও বি-দুই ধরনের খাদ্যতালিকার সমন্বয়ের কথা বলা হয়। এ ক্ষেত্রে সবজি, শস্যদানা, সামুদ্রিক মাছ এবং দুধ ও দুগ্ধজাত খাবার রাখার পরামর্শ দেওয়া হয়।

ও গ্রুপ

ও গ্রুপের ব্যক্তিদের খাদ্যতালিকায় উচ্চমাত্রার প্রোটিন রাখার কথা বলা হয়। চর্বিহীন মাংস, শাকসবজি ও কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডাল ও সরিষা এড়িয়ে চলার কথা বলা হয়।

তবে, রক্তের গ্রুপের ভিত্তিতে খাবার নির্বাচন করার চেয়েও বয়স, শারীরিক অবস্থা, দৈনন্দিন পরিশ্রম, পুষ্টির চাহিদা ও বিদ্যমান রোগ বিবেচনায় সুষম খাদ্যতালিকা তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।