প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৮:০১ (বৃহস্পতিবার)
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

সিএনজি গ্যাস সরবরাহের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস চালকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধ করেন তারা।

এতে মহাসড়কের পাম্পের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।

অবরোধকারী চালকদের অভিযোগ, সকাল থেকে তারা গ্যাস নেয়ার জন্য পাম্পে অপেক্ষা করছেন। কিন্তু বিদ্যুৎ নেই-এমন কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ করছে না। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

এ বিষয়ে এক সিএনজিচালক বলেন, মাধবপুর উপজেলায় আমাদের তিনটি সিএনজি পাম্প রয়েছে। এর মধ্যে সেমকো ও শোসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ হয়ে যায়। তখন শুধু আল-আমিন সিএনজি পাম্প খোলা থাকে। ফলে এই পাম্পে অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু বিভিন্ন অজুহাতে পাম্পটি বন্ধ রাখা হয়। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

আরেক মাইক্রোবাসচালক বলেন, সকাল সাতটায় গ্যাস নেয়ার জন্য এসেছি। এখনো অপেক্ষা করছি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।

এ বিষয়ে আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, আমরা কী করব? আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব?’