প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ (বৃহস্পতিবার)
হবিগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগ শিক্ষার্থীকে পুলিশে সোর্পদ

হবিগঞ্জের চুনারুঘাটে নকল করতে বাধা দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে ফারহান আহমেদকে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।

ফারহান ওই এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী সামছুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় নকল করছিল ফারহান।

ইংরেজি বিষয়ের শিক্ষক আল আমিন বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ফারহানকে ঘিরে রাখেন।

এ সময় তাঁকে মারধরের চেষ্টাও করা হয়। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। পরে ওই শিক্ষার্থীকে থানায় দেওয়া হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফারহান পুলিশ হেফাজতে ছিলেন। বক্তব্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।