সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস ও ট্রাকের রিমসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.