যাত্রীদের চাহিদা ও ইতিবাচক সাড়া বিবেচনায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইনস সালামএয়ার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এ রুটে সপ্তাহে পাঁচটি নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ারলাইনসটি।
এর আগে গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে সিলেট-মাস্কাট রুটে যাত্রা শুরু করে সালামএয়ার। যাত্রীদের উন্নত ভ্রমণসুবিধা নিশ্চিত করতে এবার সপ্তাহে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।
সালামএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের যাত্রীদের ভালোবাসা, আস্থা ও অব্যাহত সহযোগিতার ফল হিসেবেই এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন ফ্লাইট যুক্ত হওয়ায় সিলেটের যাত্রীদের ওমান যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রেও আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগের সুযোগ তৈরি হবে।
এদিকে, সিলেটবাসীর অব্যাহত সহযোগিতা ও সমর্থন পেলে শিগগিরই সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে সালামএয়ার কর্তৃপক্ষ।
ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে সিলেট অঞ্চলের প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.