প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৮:৪৩ (বুধবার)
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা

টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক মোঃ করিম মাহমুদ লিমনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জামিল আহমদ মাসুম ও সাংবাদিক আলী হোসেন। এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ গ্রাম পুলিশ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মোঃ করিম মাহমুদ লিমন গোয়াইনঘাটের মানুষের আস্থা অর্জন করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁর প্রতি গণমাধ্যমকর্মী ও স্থানীয় সমাজের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। গ্রাম পুলিশ যেমন তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে, তেমনি সাংবাদিকরাও সমাজের আয়না হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও কে.এম. লিমন তাঁর লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার অগ্রগতিতে অবদান রাখবেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মোঃ করিম মাহমুদ লিমন গ্রাম পুলিশের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের ভালোবাসা ও সম্মান তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গ্রামীণ জনপদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তাঁদের ন্যায্য অধিকার, দুঃখ-কষ্ট ও বিভিন্ন সমস্যা লেখনীর মাধ্যমে তুলে ধরতে তিনি অতীতেও সচেষ্ট ছিলেন এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। একই সঙ্গে গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মোঃ করিম মাহমুদ লিমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, মোঃ করিম মাহমুদ লিমন দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ‘এদিন’, সিলেটের আঞ্চলিক দৈনিক ‘কাজির বাজার’ এবং ‘নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।