সিলেট নগরের যানজট নিরসনে তিনটি নতুন সড়ক নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে সাহেবের বাজার থেকে খাদিমনগর পর্যন্ত সড়ক উন্নয়ন, বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং লাক্কাতুরা থেকে টিভি গেট পর্যন্ত নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে নগরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচলের চাপ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, নগরের যানজট কমাতে সাহেবের বাজার থেকে খাদিমনগর ইউনিয়ন পর্যন্ত বিদ্যমান একটি ভাঙাচোরা সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে কংক্রিটের সড়কে রূপান্তর করা হবে। এর মাধ্যমে ট্রাকগুলোকে আম্বরখানা হয়ে নগরের ভেতর দিয়ে চলাচল না করে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত সড়কটি খাদিমপাড়া হয়ে কালাগুল বাজারের দিকে যাওয়া সড়কের সঙ্গে যুক্ত হবে। ফলে ট্রাকগুলো বিকল্প পথে চলাচল করতে পারবে। এতে নগরের ব্যস্ত সড়কগুলোতে ভারী যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দর সড়ক নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি লাক্কাতুরা থেকে টিভি গেট পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত এ সড়কটি চা-বাগানের ভেতর দিয়ে যাওয়ার কথা রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের পাশাপাশি সামগ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরের যান চলাচল সহজ হবে। পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
অনুষ্ঠানে মন্ত্রী দাবা খেলার মাধ্যমে ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করেন।
ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও রাজ্জাক রুনু এবং ইমজা নিউজের সম্পাদক দেবব্রত ঘোষ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক সজল ছত্রী।
আইটি ল্যাব সলিউশন্স লি.