সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকায়ন, সারা বছর পরিকল্পিতভাবে সবজি উৎপাদন, কৃষিযন্ত্রের ব্যবহার, সংরক্ষণব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র ও বিনা মূল্যে এলএলপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’-এর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কৃষির আধুনিকায়ন, পরিকল্পিতভাবে সারা বছর সবজি উৎপাদন, সেচ ও জলাবদ্ধতার সমস্যা সমাধান এবং কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সিলেট সদর উপজেলার সব কৃষিজমি সারা বছর চাষাবাদের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ জন্য খাল খননসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি ভর্তুকিতে বিতরণ করা কৃষিযন্ত্র যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে কৃষকেরা এসব যন্ত্রের সুফল পান।
সিলেটের সবজি রপ্তানির সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইতালিসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের বাজারে সিলেটের সবজি রপ্তানির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদন পরিকল্পনা, পণ্যের মান বজায় রাখা, প্যাকেজিং ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।
তিনি জানান, সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে সারা বছর সবজির সরবরাহ বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব হবে।
আগামী পাঁচ বছরে সিলেটের কৃষি ও উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, এদিন মন্ত্রী সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পানি বিশুদ্ধকরণ ফিল্টার বিতরণ করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.