প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫২ (বুধবার)
২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪৩

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা, হেরোইন, ককটেল, দেশীয় অস্ত্র ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স ও একটি অ্যান্টি কাটার জব্দ করা হয়।

ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড জব্দ করা হয়। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।