প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৪:১৪ (মঙ্গলবার)
সিলেটে অভিযানে ২৫ জন গ্রেফতার, ১৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন আসামিকে গ্রেফতার করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৭টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপদ সিলেট গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।