প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৮:৪৩ (সোমবার)
​​​​​​​সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩ যুবক

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার চিলাউড়া, শ্রীরামসী ও রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই মো. সাব্বির হোসেন, এসআই মো. রাকিবুল ইসলাম, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল পৃথক অভিযান চালায়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চিলাউড়া ইউনিয়নের চিলাউড়া (গোলাপাড়াপুঞ্জি) গ্রামের সাবাজ মিয়ার ছেলে লায়েক মিয়া (২২), মিরপুর ইউনিয়নের শ্রীরামসী (ভরাউট) গ্রামের মো. আক্কাছ আলী, ও  রাজন আলী (২০) এবং রসুলপুর গ্রামের আহমদ আলীর ছেলে মো. গোলাপ হোসেন।

পুলিশ জানায়, লায়েক মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে চিলাউড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাজন আলীকে ফৌজদারি কার্যবিধির ধারায় শ্রীরামসী এলাকা থেকে গ্রেফতার  করা হয়। অন্যদিকে, সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গোলাপ হোসেনকে রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই মো. নূর হোসেন জানান, গ্রেফতার তিনজনকে সোমবার যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।