প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১৮:৩১ (সোমবার)
সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন ১৬ কর্মকর্তা

৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের ২৬৬ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। তাঁরা শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট বিভাগে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। তাঁদের নাম, পরিচিতি নম্বর, নিজ জেলা, নিজ বিভাগ ও পদায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনের সংযোজনীতে উল্লেখ রয়েছে।

সিলেট বিভাগে পদায়ন পাওয়া ১৬ কর্মকর্তার সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন হলেন—মো. নুরুদ্দিন রিয়েল, শেখ ইশা, ফাহিম ইবনে ইদ্রিছ, শান্তিল মাহমুদ আকন্দ জয়, মো. মেহেদী হাসান সিয়াম, আইনুল হক, মো. হাসিবুল ইসলাম, মো. আবু সাঈদ, এনামুল হক ও মির্জা আল মামুন।

শেরপুর জেলার দুজন হলেন মো. নাজমুল হাসান নাঈম ও জাহাঙ্গীর আলম।

জামালপুর জেলার তিনজন হলেন মীর মোহাম্মদ মহসীন কবীর, এহসান আবরার ফাইয়াজ ও মো. রকিবুল হাসান।

এ ছাড়া নেত্রকোণা জেলার মো. মেহেদী হাসান শুভ সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন।

নবনিযুক্ত কর্মকর্তারা সিলেট বিভাগের মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁদের ওপর অর্পিত আইনগত দায়িত্ব পালন করবেন। তাঁদের এ পদায়নের মাধ্যমে বিভাগটির মাঠ প্রশাসনে নতুন কর্মকর্তারা যুক্ত হতে যাচ্ছেন।